বিদ্রোহী চেতনা, মানবতার আহ্বান ও ঐতিহ্যের মেলবন্ধনে নজরুলের অনন্য সৃষ্টিকর্ম

অগ্নিবীণা কাব্যের শিল্পমূল্য- ভূমিকা

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯–১৯৭৬) রবীন্দ্র-যুগের কবি হয়েও স্বতন্ত্র কাব্যধারার উজ্জ্বল পরিচয় দিয়েছেন। যুগসচেতন, প্রতিবাদী এবং মানবতাবাদী চেতনায় তিনি ছিলেন অনন্য। তাঁর প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশের মধ্য দিয়েই সমকালীন যুগযন্ত্রণা, সংশয়, বিক্ষুব্ধতা, স্বাধীনতার আহ্বান এবং নবজাগরণের মন্ত্র গীতিময় ভঙ্গিতে ফুটে ওঠে। এই কাব্যের ঝঞ্ঝাবিক্ষুব্ধ বিদ্রোহী চেতনা বাঙালির বহুদিনের সঞ্চিত জড়তা, কুসংস্কার ও গ্লানি খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে। অগ্নিবীণা কবিকে দিয়েছে প্রথম ও স্থায়ী খ্যাতি; এটি তাঁর শ্রেষ্ঠ কাব্যগুলোর অন্যতম।


অগ্নিবীণা কাব্যের শিল্পমূল্য – ভাবসম্পদ ও ঐতিহ্যচেতনা

অগ্নিবীণা কাব্যে আছে আত্মজাগরণের সুর, প্রতিবাদের অগ্নি, ইতিহাস সচেতনতা ও ঐতিহ্যবোধের গভীর মেলবন্ধন। হিন্দু পুরাণ, মুসলিম ধর্মীয় চেতনা, সামাজিক ন্যায়বোধ—সবই এখানে শিল্পসুষমায় রূপ পেয়েছে। মানবতার কবি হিসেবে নজরুলের বিদ্রোহ মূলত শৃঙ্খলমুক্তির জন্য, মানুষের আত্মজাগরণের জন্য। তাঁর উচ্চারণ—

“বল বীর
বল উন্নত মম শির”

শোষণ, পরাধীনতা ও অযৌক্তিক বিধিবিধানের বিরুদ্ধে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিবাদ করেছেন। তাঁর বিদ্রোহ ছিল সুন্দরের জন্য, শোষণহীন সমাজ গঠনের জন্য—

“মহাবিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব ক্লান্ত
ঘরে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে-বাতাশে ধ্বনিবে না।”


অগ্নিবীণা কাব্যের শিল্পমূল্য – ঐতিহ্যের মেলবন্ধন

নজরুল উভয় সম্প্রদায়ের গৌরবময় ঐতিহ্যকে সার্থকভাবে কাব্যে সংযোজন করেছেন। হিন্দু ঐতিহ্যের প্রেরণায় তিনি রচনা করেছেন রক্তাস্বর ধারিণী মা, আগমনী, প্রলয়োল্লাস; মুসলিম ঐতিহ্যে লিখেছেন কোরবানী, মহরম, কামাল পাশা, শাত-ইল-আরব, রণভেরী ইত্যাদি।

দুটি ঐতিহ্যের অনন্য সমন্বয় পাওয়া যায় এই পঙ্‌ক্তিতে—

“ধরি বাসুকির ফনা, জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি।”

বিস্তারিত আলোচনা শুনতে ভিডিও ক্লিপ


অগ্নিবীণা কাব্যের শিল্পমূল্য- ত্রাতার ভূমিকা ও আমিত্ববোধ

অগ্নিবীণায় নজরুল নিজেকে শুধু প্রতিবাদী হিসেবে নয়, ত্রাতা হিসেবেও উপস্থাপন করেছেন—

“আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু এ স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু।”

কবি-স্বভাবের অন্যতম বৈশিষ্ট্য কঠোরতা ও কারুণ্যের বৈপরীত্য। বিদ্রোহী কবিতায় যেমন তীব্র অহংবোধ ও আত্মপ্রকাশ, তেমনি মহরম কবিতায় কারবালার মর্মান্তিক ঘটনা করুণার অশ্রুতে সিক্ত হয়ে ধ্বনিত—

“নীল মিয়া আসমান, লালে লাল দুনিয়া,
আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া।”


অগ্নিবীণা কাব্যের শিল্পমূল্য- ছন্দ ও শব্দশৈলী

নজরুল ছন্দ ব্যবহারে ছিলেন সচেতন ও সৃজনশীল। বিদ্রোহী কবিতার মাত্রাবৃত্ত ছন্দের ঘূর্ণিঝড়ে তাঁর বিদ্রোহী সত্তার প্রতিফলন ঘটে—

“আমি ক্ষ্যাপা দুর্ব্বশা, বিশ্বমিত্র শিষ্য
আমি দাবালন-দাহ, দাহন করিব বিশ্ব।”

তিনি ভাব অনুযায়ী ছন্দ বেছে নিয়েছেন, কখনো অতিপর্ব ব্যবহার করে অতিরিক্ত গতি সৃষ্টি করেছেন।

শব্দচয়নে তাঁর বৈশিষ্ট্য—

  1. অসাম্প্রদায়িক শব্দব্যবহার
  2. সঙ্গীতধর্মীতা
  3. জ্ঞানমূলক শব্দপ্রয়োগ
  4. লোকজ শব্দের সৃজনশীল ব্যবহার

সংস্কৃত শব্দের পাশাপাশি আরবি-ফারসি শব্দের অপূর্ব সংমিশ্রণে বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়েছে।


অগ্নিবীণা কাব্যের শিল্পমূল্য- অলংকার প্রয়োগ

উপমা, রূপক, অনুপ্রাস—সব অলংকারেই নজরুল স্বকীয় মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। হিন্দু ঐতিহ্যমূলক কবিতায় মুসলিম প্রতীকের উপমা, আবার মুসলিম ঐতিহ্যের কবিতায় হিন্দু পুরাণের প্রতীক—এই আন্তঃঐতিহ্যিক উপমা ব্যবহারে তাঁর অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি স্পষ্ট।

যেমন—

“শাফায়াত-পাল বাঁধা তরণীর মাস্তুল,
জান্নাত হতে ফেলে হুরী রাশ্ রাশ্ ফুল।”

এখানে অনুপ্রাস ও চিত্রকল্পের মেলবন্ধন সত্যিই অপূর্ব।


অগ্নিবীণা কাব্যের শিল্পমূল্য –প্রেম ও বিদ্রোহের সমন্বয়

নজরুলের কাব্যে প্রেম ও বিদ্রোহ সমান তালে চলেছে। যুদ্ধের তূর্যধ্বনির মধ্যেও তিনি বাঁশির সুর শুনতে পান—

“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য।”


নামকরণের সার্থকতা

জাতীয় জীবনের বন্দিত্ব, মানবতার অপমান, অন্যায়কারীর স্পর্ধা—সব মিলিয়ে কবি এক চরম দুঃসময় প্রত্যক্ষ করেছেন। এর প্রতিবাদে তাঁর কলমের আগুন যেমন জ্বলে উঠেছে, তেমনি কাব্যের ভাষাও হয়ে উঠেছে শিখার মতো উত্তপ্ত। তাই অগ্নিবীণা নামটি সম্পূর্ণ সার্থক।


উপসংহার

অগ্নিবীণা নজরুল প্রতিভার অনন্য স্বাক্ষর। বিষয়ভাবনা, ছন্দনির্মাণ, শব্দব্যবহার, ঐতিহ্যের সমন্বয়, অলংকার প্রয়োগ, অসাম্প্রদায়িক চেতনা—সবই একে দিয়েছে অনন্য মর্যাদা। শিল্প ও জীবনের সমন্বয়ে নজরুল প্রমাণ করেছেন, কাব্য শুধু সৌন্দর্যের জন্য নয়, ন্যায় ও মানবতার জন্যও হতে পারে শানিত অস্ত্র।

আরও বিস্তারিত

অগ্নিবীণা কাব্যের শিল্পমূল্য

নজরুল মানুষকে জাগাতে ঐতিহ্যকে ব্যবহার করেছেন । হিন্দু ও মুসলমানকে জাগাতে তাদের সামনে তুলে ধরেছেন নিজ নিজ গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য। হিন্দু ঐতিহ্য হিসেবে লিখেছেন-রক্তাস্বর ধারিণী মা”, আগমনী, প্রালয়োল্লাস। অন্যদিকে মুসলিম ঐতিহ্য তুলে ধরতে লিখেছেন – কোরবানী, মহরম কামাল পাশা, শাত-ইল-আরব, রণভেরী ইত্যাদি কবিতা। এ সব কবিতার মধ্যে যেমন নজরুলের ইতিহাস ও ঐতিহ্য চেতনা প্রকাশ ঘটেছে তেমনি কাব্যটি সমৃদ্ধ হয়েছে। কবিতার পংক্তির মধ্যে তিনি হিন্দু ও মুসলিম ঐতিহ্যের মেলবন্দন ঘটিয়েছেন।
১) ধরি বাসুুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি ।
২) ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া ।

কবি বিষয়, উপমা, রূপকথা, ভাবভক্তি ইত্যাদি ক্ষেত্রেও উভয় ঐতিহ্যকে ব্যবহার করেছেন ।

অগ্নিবীণা কাব্যে কবি শুধু পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদই করেননি, অনেকাংশে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন-
“আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু এ স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু।”

আমিত্বের প্রতি তীব্র অহংবোথও অগ্নিবীণা কাব্যে প্রকাশিত। বিশেষ করে বিদ্রোহী কবিতায় কবির আত্ম -উন্মোচনের শৈল্পিক প্রকাশ ঘটেছে । কবি নিজের বাস্তব ও কল্পনাময় স্বরূপকে তুলে ধরেছেন-

আমি ইন্দ্রানী সূত হাতে চাঁদ ভালে সূর্য
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য।
নজরুল কবি-স্বভাবের বড় বৈশিষ্ট্য হলো কাঠিন্য ও কারুণ্যের বৈপরীত্য। অগ্নিবীণা কাব্যের ধ্বংস ও প্রতিবাদের কবিতার পাশাপাশি আছে করুণ রসের কবিতা। মহরম কবিতায় কারবালার মর্মান্তিক ঘটনাকে করুণা ও বেদনার অশ্রæতে সিক্ত কবি-চিত্ত প্রকাশিত হয়েছে-
নীল মিয়া আসমান, লালে লাল দুনিয়া,
আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া ।

অগ্নিবীণা কাব্যে ভাব-গভীরতা ও বিষয়-বৈচিত্র্য যেমন কবিকে স্বতন্ত্রতা দান করেছে, সেই সাথে আঙ্গিকগত স্বকীয়তাও রয়েছে। প্রতিবাদমূখর কবিতায় কবি ভাব অনুযায়ী ছন্দ ব্যবহার করেছেন। বিদ্রোহী কবিতায় মাত্রাবৃত্ত ছন্দের যে ঘূর্ণিঝড় তার প্রথম আঘাতেই নজরুলের প্রতিভার স্বকীয়তা নির্ণীত হয়েছে। এই কবিতায় ছন্দগত স্বকীয়তা ও প্রলবতা তার বিদ্রোহী সত্তারই প্রতিফলন ।

“আমি/ ক্ষ্যাপা দুর্ব্বশা, বিশ্বমিত্র শিষ্য
আমি/দাবালন-দাহ,দাহন করিব বিশ্ব।”

এখানে অতিপর্ব ব্যবহার করে ছন্দে অতিরিক্ত গতি সৃষ্টি করা হয়েছে।
কবির উদ্ভাসময় ভাবনাকে ছন্দ তরঙ্গে দোল দিয়েছেন ।

“আজ সৃষ্টি সুখের উল্লাসে
মুখ হাসে মোর বুক হসে
টগবগিয়ে খুন হাসে ।”

ভাব অনুযায়ী ছন্দ ও শব্দ ব্যবহারে কবির সচেতনতা লক্ষ্যনীয় । সংস্কৃত শব্দের পাশাপাশি অনেক আরবি-ফারসি শব্দের ব্যবহার তিনি করেছেন। অগ্নিবীণা কাব্যে কবির শব্দ-ব্যবহার বাংলা ভাষার প্রকাশ-ক্ষমতা ও শব্দ-ভান্ডারকে সমৃদ্ধ করেছে।
শব্দ ব্যবহারের ক্ষেত্রে কবির যে-সব বৈশিষ্ট্য চোখে পড়ে। তাহলো-
১. অসা¤প্রদায়িক শব্দের ব্যবহার
২. শব্দের সঙ্গীতময়তা
৩. জ্ঞানার্জিত শব্দের ব্যবহার
৪. লোকজ শব্দের ব্যবহার

কবির ভাষা ব্যবহারে একদিকে যেমন বলিষ্ঠতা রয়েছে, অন্যদিকে পেলব শব্দের ব্যবহারও রয়েছে । বিষয় অনুসারে ভাষা ব্যবহারেও কবির দক্ষতা অপরসীম। হিন্দু ঐতিহ্য ভিত্তিক কবিতা ‘‘রক্তাস্বর ধারিণী মা ” ‘আগমনী’ এবং বিদ্রোহভাবাত্মক ‘বিদ্রোহী’ ও প্রলয়োল্লাস কবিতায় তৎসম শব্দবহুল বাক্যবিন্যাস ব্যবহৃত হয়েছে, অন্যদিকে মুসলিম-ঐতিহ্য ও ধর্মভিত্তিক কবিতায় আরবি-ফরিসি শব্দের বাহুল্য সহজেই চোখে পড়ে।
১. খুব কিয়া ভাই খুব কিয়া ।

২. কেল্লাফতে হো গিয়া পরওয়া নেহি, ঘানে দো ভাই যো গিয়া ।

হুররো হো।

এখানে একটা শব্দও বাংলা খঁজে পাওয়া যায় না, অথচ কী চমৎকার বাংলা কবিতার জন্ম দিয়েছেন । ‘খেয়াপারের তরণী’ কবিতায় মুসলিম ঐতিহ্য ভিত্তিক শব্দ ব্যবহারে নিপুণতার পরিচয় দিয়েছেন ।

কাÐারী এ তরীর পাকা মাঝি মাল্লা,
দাঁড়ী-মুখে শারি গান-লাশারীক আল্লাহ্।

অলংকার ব্যবহারেও অগ্নিবীণা কাব্যে নজরুলের স্বকীয় মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়। বিষয়ভিত্তিক উপমা প্রয়োগ কবির সে দক্ষতার পরিচয় দেয়। হিন্দু-ঐতিহ্যমূলক কবিতায় মুসলিম-ঐতিহ্যভিত্তিক উপমা ব্যবহৃত হয়েছে। কখনো একত্রে বসেছে, কখোনো বা সম্পূর্ণ আলাদাভাবে বসেছে। কবি যেমন-পিনাক পানির ডমরু, ত্রিশূল, ধর্মরাজের দÐ ব্যবহার করেছেন। শিব, ধর্মরাজ, ইস্রাফিলের শিঙগার মহা-হুঙ্কার ব্যবহার করেছেন। শিব ধর্মরাজ ইস্রাফিল সবই অতীত ঐতিহ্য থেকে নেমে এসে পাঠকের চেতনায় সমানভাবে প্রভাব বিস্তার করে। অগ্নিবীণা কাব্যের প্রায় প্রতিটি কবিতায় অসংখ্যা উপমা ঐতিহ্য ও বিষয় অনুসারে ব্যবহৃত হয়েছে।
অনুপ্রাসের দিক থেকেও কবির দক্ষতা চোখে পড়ে।
যেমন-
‘শাফায়াত’-পাল বাঁধা তরণীর মাস্তুল ,
‘জান্নাত’ হতে ফেলে হুরী রাশ্ রাশ্ ফুল।

আগে উদ্ধৃত পংক্তির ‘মাল্লা’র সাথে ‘আল্লাহ’র এবং এখানে মাস্তুলের সাথে রাশ্ রাশ্ ফুল-এর মিল সত্যিই অপূর্ব-অনুপ্রাস মূখর ছন্দায়িত মিল।

সমগ্র নজরুল কবি-মানসে প্রেম ও বিদ্রোহের সমন্বয় সাধন লক্ষ করা যায়। তিনি সুন্দরের জন্য বাঁশি বাজিয়েছেন। আবার অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। কবির বিদ্রোহ মূলত সুন্দরের জন্য, মানবতার জন্য। ‘অগ্নিবীণা’ কাব্যে প্রেম ও বিদ্রোহ সমানভাবে ধরা পড়েছে। কবি যুদ্ধের তূর্য নিনাদের মধ্যেও বাঁশির সুর শুনতে পান। কারণ-

মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতুর্য।

নামকরণেও দক্ষতা দেখিয়েছেন। কবি দেখেছেন জাতীয় জীবন বন্দী, মানবতা অপমানিত অন্যায়কারীর সীমাহীন স্পর্ধা, অন্য জাতির প্রভূত্ব -সব মিলে এক চরম দুঃসময়। এসবের বিরুদ্ধে কবি লেখনি ধারণ করেছেন । এ কাব্যের ভাষাও আগুনের শিখার মতো উত্তপ্ত, কবির উদ্দেশ্য জাতির মনে আত্মজাগরণ ঘটানো। তাই, এ কাব্যের নাম অগ্নিবীণা’ সার্থক । তাই কবি কাব্যটি উৎসর্গ করেছেন-ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত ও সাগ্নিক বীর বারীন্দ্র ঘোষকে।

অগ্নিবীণা কাব্যে কবি শিল্প ও জীবনের সমন্বয় সাধন করতে চেয়েছেন তিনি পুরোপুরি কলাকৈবল্য বাদী হতে পারেননি, কারণ তিনি চিন্তা-চেতনায় প্রবলভাবে জীবনমুখী ছিলেন। কবিতায় শিল্প ও জীবনের সমন্বয় সাধন করতে গিয়ে কখনো শিল্পের ক্ষতি হয়তো হয়েছে, কিন্তু সে কবিতায় প্রবল জীবনাদর্শ ও মানবিকবোধ সে দূর্বলতা ঢেকে গিয়েছে ্ মোট কথা কবির প্রতিভা সমন্বয়ধর্মী ও বৈচিত্র্যময়।

পরিশেষে বলা যায় , অগ্নিবীণা’ নজরুল প্রতিভার অন্যতম স্বাক্ষর। কাব্যের বিষয়ভাবনা, বিষয় অনুযায়ী শব্দ, ছন্দ নির্মাণ, হিন্দু-মুসলিম ঐতিহ্যের ব্যবহার, ভাষা ব্যবহারে দক্ষতা, উপমা-রূপক প্রয়োগের নৈপূণ্য, অস¤প্রদায়িক চেতনার প্রকাশে, জাতীয় জীবনের মুক্তির আকাক্সক্ষা সব মিলে এ এক অনন্য সৃষ্টি।

প্রফেসর মো: আখতার হোসেন, বাংলা বিভাগ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *