ক্ষণিকা কাব্য অবলম্বনে রবীন্দ্রনাথের কবি-মানসের পরিচয় দাও।


ক্ষণিকা কাব্য: শিল্প-সৌকর্যের নান্দনিক সুষমা
ভূমিকা: রবীন্দ্র-কাব্যপ্রবাহ বিচিত্র পালাবদলের মধ্য দিয়ে এগিয়ে গেছে। এক এক কাব্য তাঁর নতুন ভাব ও প্রকাশ ভঙ্গিমার এক এক নতুন অধ্যায়। ক্ষণিকা কাব্য কবির কাব্য-রচনাভঙ্গির একটি শ্রেষ্ট ও মনোজ্ঞ পরিবর্তন। সন্ধ্যাসঙ্গীত থেকে কবি তাঁর নিজের প্রতিভার পরিচয় পেলেও ক্ষণিকা কাব্য থেকে কবি নিজের ভাব প্রকাশের উপযুক্ত ভাষার সন্ধান পেয়েছেন।

গীতিকবিতার উপযুক্ত ছন্দ, সহজ ভাষা ও অলংকার এ কাব্যের প্রতিটি কবিতায় বিচিত্ররূপে ব্যবহৃত হয়েছে। এর ছন্দে, ভাব প্রকাশে, কবির স্বচ্ছন্দ স্বাধীন লগ্ননৃত্যের ঝলমল চোখে পড়ে। নিছক গীতিকবিতা হিসেবে ক্ষণিকা কাব্যখানি কবির এক অনবদ্য অপূর্ব সৃষ্টি এবং এটি কবির অন্যতম শ্রেষ্ঠ কাব্য।
এক জীবন থেকে অন্য জীবনে রূপান্তরের মাঝখানে ক্ষণিকের মত ক্ষণিকার উদয় ও অন্ত। পূর্ব জীবনের নিকট অর্থাৎ প্রকৃতি ও মানুষের সৌন্দর্য, মাধুর্য ও প্রেম উপভোগের জীবন থেকে বিদায় নিয়ে আত্মোপলব্ধির এক নিগূঢ় অধ্যাত্ম জীবনের পথে কবি যাত্রা করেছেন। প্রেম ও সৌন্দর্যের উৎসের সন্ধানে কবি পরিবর্তীতে নিজেকে টেনে নিয়ে গেছেন।
নৈবেদ্য কাব্য থেকেই তার সূচনা। সে মহাজীবনের স্রোতে নিজেকে ভাসিয়ে দেবার আগে পালায়নপর বর্তমান থেকে মুহূর্তকে কেবল ধরে রাখবার ব্যাকুলতা ক্ষণিকা কাব্যে প্রকাশ পেয়েছে। যাত্রার পূর্বমুহূর্তে একটু উচ্ছ্বল হাসি-খেলা ও কৌতুক-লীলার সহজ আনন্দ-বিলাসে কবি যেন ঋণমুক্তির স্বাদ লাভ করতে চেয়েছেন। ক্ষণিকা তাই নিতান্তই সোজাসুজি সহজ সরল জীবনের একটি আনন্দময় কাব্য।
প্রকৃতি ও মানবের সাথে কবির চিরকালের সম্বন্ধ। একে ছেড়ে নতুন পথে যাত্রা করলেও ছেড়ে যাওয়ার বেদনাও কবিকে কষ্ট দিয়েছে। ক্ষণিকা’য় জীবনের প্রিয় বস্তু হারিয়ে যাবার ও কাঙ্ক্ষিত বস্তু না পাবার ক্ষতি ও ব্যর্থতাকে কবি হাসি-তামাসা দিয়ে ঠাট্টা করে উড়িয়ে দিতে চেয়েছেন। হৃদয়ের দারুণ বেদনাকেও তিনি হাসির আলোকে মেনে নেবার চেষ্টা করেছেন ক্ষণিকা কাব্যের কবিতাগুলোর মধ্যে। কবি তাঁর জীবন দেবতাকে সম্বোধন করে বলেছেন-
ঠাট্টা ক’রে ওড়াই, সখি, নিজের কথাটাই।
হালকা তুমি করো পাছে
হালকা করি, ভাই,
আপন ব্যথাটাই। (ভীরুতা)
ক্ষণিকা কাব্যের কবিতাগুলোর মধ্যে চটুল ভঙ্গিতে বলা সরল কথাগুলোর মধ্যেও একটি গভীর বেদনাময় অনুভূতি ও তা অনুভব করার ব্যাপার আছে। সত্যকে সব বাহুল্যের আবর্জনা থেকে মুক্ত করে সজহরূপে প্রকাশ ক্ষমতার কবিত্বময় সৃষ্টি ক্ষণিকা। কবি জীবনকে সহজভাবে সত্যরূপে গ্রহণ করতে চান। তাই কবি বোঝাপড়া কবিতায় বলেছেন-
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যরে লও সহজে।
(বোঝাপড়া)
তাইতো কবি ক্ষণিক কালের জন্য সহজ সাধনার পথে নেমেছেন। কৌতুক ও বেদনাবোধ হাত ধরে একে অপরের পাশাপাশি চলেছে এ কাব্যে। হালকা ভাব ও ছন্দের সাথে গভীর তত্ত্বেরও সমাবেশ ঘটেছে। বিচিত্র সুখ-দুঃখ ও হাসি-কান্নার সহজ সুরে সাধারণ মানুষের জীবন এখানে কথা বলে উঠেছে।
ক্ষণিকা কাব্যে হসন্ত শব্দের নির্বাধ ব্যবহারে ছন্দ পেল এক অপূর্ব লঘুরূপ যা বাংলা কবিতায় এর আগে দেখা যায় নি। লঘু কথা লঘু ছন্দ-লয়ে অত্যন্ত সহজভাবে বলা, বাংলা গীতিকাব্য যেন এক সম্পূর্ণ নতুন রূপ পেল তীক্ষ্ণ শাণিত বিদ্যুতোজ্জ্বল প্রকাশ-ভঙ্গিমায়। ব্যথা, বিচার, সন্ধান, সমস্যা, চিন্তা সব কিছুকে যেন কবি দূরে ঠেলে দিয়ে ক্ষণিক দিনের আলোকে, অকারণ পুলকে ক্ষণিকের গানের মধ্যে নিজেকে ডুবিয়ে দিলেন।
তবে বলার চটুল ভঙ্গিমার ফাঁকে ফাঁকে যখন কবির অন্তরের মর্মস্থলে আমাদের দৃষ্টি পড়ে তখন বুঝতে পারা যায় কোন গভীর বেদনার উৎস থেকে কবির চটুল কৌতুক কথাগুলো উৎসারিত হচ্ছে।
বর্তমান মুহূর্তের অতি পরিচিত পরিবেশ থেকে রূপ-রস-গন্ধ-শব্দ সংগ্রহ করে কবি লঘু ছন্দে-লয়ে অত্যন্ত সহজ ও স্বাভাবিক পরিবেশের মধ্যে এখানে এক স্নিগ্ধ মনোরম জগৎ সৃষ্টি করেছেন। আনন্দময় জগতের নিভৃতে তিনি শান্তি খোঁজার মানসে বর্তমানকে দারুণভাবে উপভোগ করতে চান। তাই কবি উদ্বোধন কবিতায় বলেছেন-
শুধু অকারণ পুলকে
ক্ষণিকের গান গারে আজি প্রাণ
ক্ষণিক দিনের আলোকে।
যারা হাসে আর চায়; পেছনের দিকে তাকায় না। শুধু নাচে গানে মেতে থাকে; কবি তাদেরই গান রচনা করতে চান। এই আনন্দোজ্জ্বল বন্ধনমুক্ত উদাসীন জীবনের সুর উদাসীন কবিতাতে ধ্বনিত হয়েছে।
হাল ছেড়ে আজ বসে আছি আমি,
ছুটি নে কাহারও পিছুতে;
মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে।
পূর্ব জীবনের সোনার স্মৃতিকে হৃদয়ের সোপানে বসিয়ে চোখের জল ফেলা বৃথা। বর্তমানের আনন্দে তাই গা ভাসিয়ে বর্তমানের দাবীই মেটানো উচিত। বিগতের জন্য বিলাপের সময় কোথায়? তাই তো কবি অনবসর কবিতায় বলেছেন-
যে যায় চলে বিরাগ-ভরে
তারেই শুধু আপন জেনেই
বিলাপ ক’রে কাটাই, এমন
সময় যে নেই, সময় যে নেই।
ক্ষণিকা কাব্যের পরে যে কবি নিঃসঙ্গ জীবনে যাত্রা করেছেন, তার সুর ক্ষণিকার শেষে পাওয়া যায়। অন্তরতম ও সমাপ্তি কবিতার মধ্যে নৈবেদ্যের ভগবৎ চেতনার ও ভগবৎ নির্ভরতার সুর প্রকাশ পেয়েছে।
আমি যে তোমায় জানি, সে তো কেউ
জানে না।
তুমি মোর পানে চাও, সে তো কেউ
মানে না।
মোর মুখে পেলে তোমার আভাস
কত জনে কত করে পরিহাস-
পাছে সে না পারি সাহিতে
নানা ছলে তাই ডাকি যে তোমায়,
কেহ কিছু নারে কহিতে।
তোমার পথ যে তুমি চিনায়েছ
সে কথা বলি নে কাহারে। সবাই ঘুমালে জনহীন রাতে
একা আসি তব দুয়ারে। (অন্তরতম)
অথবা,
কখন যে পথ আপনি ফুরালো,
সন্ধ্যা হল যে কবে-
পিছনে চাহিয়া দেখিনু,
কখন চলিয়া গিয়েছে সবে।
তোমার নীরব নিভৃত ভবনে
জানি না কখন পশিনু কেমনে।
(সমাপ্তি)
ক্ষণিকা কাব্যের সহজ-সরল ভাবের উপযুক্ত ভাষাও কবি এ কাব্যে ব্যবাহার করেছেন। পরিবেশ অনুযায়ী উপকরণও এনেছেন। এ কাব্যে রূপের যে বর্ণনা, তা শরৎ ও অন্যান্য ঋতুর মধুময় রূপ। তাই ফুলের নামের মধ্যে রঙের কোনো ব্যবহার নেই। যেমন -চাঁপা, যুঁথি, বকুল, কদম ইত্যাদি। কবি এ কাব্যে দেশজ শব্দ ও কথ্যরীতি আশ্চর্য দক্ষতার সাথে প্রয়োগ করেছেন। দেশি শব্দের ব্যবহারের একটা বড় সুবিধা হল-এতে হসন্ত শব্দের ব্যবহার করা যায়। আর এতে ছন্দের ক্ষিপ্রতা ও লঘুতা বাড়ে।
কবিতার মধ্যেও তিনি যথাস্থানে অত্যন্ত পরিচিত ও প্রচলিত গদ্য শব্দকে নির্দ্বিধায় ব্যবহার করেছেন। যেমন- নস্য, মেহনি, বিদ্যারত্ন, এগজামিন, কেতাব, কুলুঙ্গী, ছেঁড়া-খোড়া, বালিশ ইত্যাদি। এ-সব নিত্য নৈমিত্তিক শব্দ ব্যবহার করলেও কোথাও অসঙ্গতি আছে বলে মনে হয় না। এই লঘু-চপল কথা-বার্তা ও শব্দের বিচিত্র বিন্যাসের মধ্যেই কবি নিপুনভাবে গভীরতার সৃষ্টি করেছেন। যেমন-
পাখি তাদের শোনায় গীতি,
নদী শোনায় গাথা,
কত রকম ছন্দ শোনায়
পুষ্প লতা পাতা-
সেই খানেতে সরল হাসি
সজল চোখের কাছে
বিশ্ববাঁশির ধ্বনির মাঝে
যেতে কি সাধ আছে?
হঠাৎ ওঠে উচ্ছ্বসিয়া
কহে আমায় গান-
সেইখানে মোর স্থান।
শব্দ ব্যবহারেও বিশিষ্টতা আছে। শুধু অকারণ পুলকে, নদী জলে পড়া আলোর মতন, ছুঁয়ে থেকে জলে শিশির যেমন, শিরীষ ফুলের, মর্মর তানে, ঝলমল প্রাণ ইত্যাদি উপমা ও রূপকের মধ্যে একটা উজ্জ্বলতা ও আশ্চর্য দ্যেতনার পরিচয় আছে।
ছন্দের অভিনবত্বে ক্ষণিকা সমৃদ্ধ। স্বরবৃত্ত ছন্দের বিচিত্র দোলাকে নানাভাবে বিন্যস্ত করে রবীন্দ্রনাথ অপূর্ব সুরের জাল বুনেছেন। সেকাল কবিতায় তার পরিচয় মেলে-
কেনো নামটি মন্দালিকা
কোনো নামটি চিত্রলিখা
মঞ্জুলিকা মঞ্জুরিণী
ঝংকারিত কত।
আসত তারা কুঞ্জবনে
চৈত্রজ্যোৎস্নারাতে,
অশোক-শাখা উঠত ফুটে
প্রিয়ার পদাঘাতে।
এখানে শব্দ যোজনায়, ছন্দের দোলায় ও আবহাওয়া সৃষ্টির কৌশলে কালিদাসের কাব্যের মধুময় নির্যাস, যেন তাঁর সেই স্বাদ ও গন্ধ নিয়ে বর্তমান যুগের পাঠকের কাছেও মূর্ত হয়ে উঠেছে।
ক্ষণিকা পর্যায়ে কবির মধ্যে জেগে উঠেছে এক ধরনের অপ্রাপ্তিবোধ ও শূন্যতা। এ অপ্রাপ্তিবোধ ও শূন্যতার জন্য কবি প্রাচীন ভারতের কালিদাসের যুগেও চলে যেতে চেয়েছেন। আমি যদি জন্ম নিতেম কালিদাসের যুগে- কবি প্রাচীন ভারতীয় সমাজে এমন এক নায়িকার কল্পনা করেন, যার সঙ্গে তার দেখা হবে, যে কবির অতীতগামী মনকে সজীব রাখতে পারেন। সেই নায়িকা প্রাচীন ভারতীয় অলংকারে পরশে উজ্জ্বল-
কুন্ধুমেরই পত্র লেখায় বক্ষ রইত ঢাকা,
আঁচল খানির প্রান্তটিতে হংস মিথুন আঁকা।
জন্মান্তর কবিতাটিতে আছে কবির বেঁচে থাকা এবং মরে যাবার পর প্রাচীন ভারতের জগতে গিয়ে উপস্থিত হওয়া। কবি নিজের সুপ্ত ইচ্ছাকেও প্রকাশ করেছেন অকপটে-
পরজন্মে চাইরে হতে ব্রজের রাখাল বালক
নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক।
একগাঁয়ে কবিতায় আছে কবির নস্টালজিয়া। কবির আধেয় এক নারী। সে নারীর সঙ্গে কবির দারুণ সম্পর্ক। সম্পর্কটি কবির মনে পড়ে বারবার-
আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা,
আমাদের এই নদীর নামটি অঞ্জনা,
আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ জনা,
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।
সমগ্র আলোচনা শেষে সার সংক্ষেপ
১. ক্ষণিক অনুভবের কাব্যভূমি
- “ক্ষণিকা” (১৯০০ খ্রিস্টাব্দ) রবীন্দ্রনাথের ছোট ছোট কবিতার এক অনন্য সংকলন।
- প্রতিটি কবিতাই মুহূর্তের (“ক্ষণ”) ক্ষণস্থায়ী অনুভূতি থেকে জন্ম নিয়েছে।
- এখানে প্রেম, প্রকৃতি, বেদনা, সৌন্দর্য—সবই ধরা দিয়েছে ক্ষণিক ঝলকের মতো।
২. ভাবসম্পদের বৈচিত্র্য ও গভীরতা
- প্রেমের আনন্দ ও বেদনা: “আমার বেদনা আমারে করে মহীয়ান।”
- আত্ম-উন্মোচন ও মানবমন: ক্ষুদ্র অনুভবে চিরন্তনের স্পর্শ।
- প্রকৃতি ও জীবনের ক্ষণস্থায়িত্ব—জীবনের দার্শনিক ভাব প্রকাশ।
- রোমান্টিকতার পাশাপাশি অন্তর্মুখী, ধ্যানী চেতনা।
৩. কবিভাষার সংযম ও সুষমা
- ভাষা সংক্ষিপ্ত, গীতিময়, তবু গভীর অর্থবহ।
- অলংকারের ব্যবহার সূক্ষ্ম—অতিরঞ্জন নয়, মিতবাক শিল্প।
- প্রতীক ও ইঙ্গিতের ভেতরেই কবির আত্মবেদনা ফুটে ওঠে।
- “শব্দের অর্থ নয়, সুরের সঞ্চার”—এই নীতির প্রতিফলন।
৪. শিল্প–সৌকর্যের নান্দনিক সুষমা
- ছোট পরিসরে অনন্ত ভাবের প্রকাশই “ক্ষণিকা”-র শিল্প।
- ছন্দ ও গীতিধর্মিতার নিখুঁত মিশ্রণ।
- দৃশ্যচিত্র নির্মাণে রূপক, উপমা, প্রতীকের নিপুণ ব্যবহার।
- “ক্ষণ”-এর মধ্য দিয়ে “অক্ষয়”-এর অনুভব—এটাই কবির নন্দনরস।
৫. দার্শনিক ভাবধারা ও আত্মবিস্তার
- ক্ষণস্থায়িত্বের মধ্যেও চিরন্তনের সন্ধান।
- ব্যক্তিগত বেদনা সার্বজনীনতায় রূপান্তরিত হয়েছে।
- ‘আমি’ থেকে ‘আমরা’-য় উত্তরণের কাব্যরূপ।
৬. রবীন্দ্রনাথের কাব্যভাষায় নতুন মোড়
- “ক্ষণিকা” কাব্যে ভাষা হয়েছে আরও আধুনিক, সংযত, ভাবনির্ভর।
- এটি রবীন্দ্র-কাব্যের রোমান্টিক যুগ থেকে মননশীল যুগে প্রবেশের সেতুবন্ধ।
৭. ক্ষণিকা কাব্যের তথ্য-কণিকা
- প্রকাশকাল: ১৯০০ খ্রিষ্টাব্দ
- বিষয়: ক্ষণস্থায়ী অনুভব, প্রেম, প্রকৃতি, বেদনা, আত্মচেতনা
- বৈশিষ্ট্য: সংক্ষিপ্ততা, গীতিময়তা, দার্শনিক ভাব, সূক্ষ্ম ভাষা
- ভাবসম্পদ: রোমান্টিক, আত্মমগ্ন, অন্তর্মুখী
- কবিভাষা: সঙ্গীতধর্মী, প্রতীকনির্ভর, অলংকারহীন সংযম
- শিল্প-সৌকর্য: মিতবাক গাম্ভীর্য, গভীর ভাব, ছন্দময়তার সুষমা
উপসংহার: ক্ষণিকা আসলে ক্ষণিকেরই নান্দনিক অনুভূতি
পরিশেষে বলা যায় যে, জগৎ ও জীবন সম্পর্কে এমন সহজ-সরল দৃষ্টিভঙ্গি ক্ষণিকা কাব্যের আগে এমন অরূপ হয়ে ধরা দেয় নি। ভাব অনুযায়ী ঘরোয়া ভাষা, আটপৌরে ছন্দ, চটুল হাস্য-কৌতুক, জীবনের সহজতার মধ্যে বেদনাকে প্রকাশ করা, লঘু চপল নৃত্যের তালে ছুটে চলা ক্ষণিকা কাব্যেই প্রথম প্রকাশ পেয়েছে। এ-সব বৈশিষেট্যর জন্য ক্ষণিকা কাব্য বাংলা গীতিকাব্যের ধারায় এক অভিনব, অসাধারণ ও ব্যতিক্রমী স্থান দখল করে আছে।